ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৩২ pm
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশি জেলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি এই তথ্য জানিয়েছে।
সোমবার বিকেলে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েন এই জেলেরা। সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে বন্দি করে রাখে। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সফল আলোচনা ও সমন্বিত প্রচেষ্টার ফলে তাদের মুক্তি নিশ্চিত হয়েছে।কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর নিরলস মধ্যস্থতায় এই জেলেরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
সোমবার প্রথম ধাপে মোট ৭৩ জনকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এরই মধ্যে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফের নাফনদী মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আটক হওয়া ২০০ জেলেদের মধ্যে ৭৩ জনকে ফেরত দিলেও বাকি ১২৭ জন জেলে এখনো আরাকান আর্মির কাছে জিম্মি অবস্থায় রয়েছে।