সোমবার, মার্চ ২, ২০২৬

সুনীল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি হরিজনদের, বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:০২ pm

বগুড়ায় ছুরিকাঘাতে নিহত যুবক সুনীল বাঁশফোড় (২৩)-এর  হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিচ্ছন্নতাকর্মীসহ হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনীল বাঁশফোড়ের লাশ নিয়ে শহরের সাতমাথায় অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করে হরিজন সম্প্রদায়ের মানুষ। পরে পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে তারা।

এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কাজ বন্ধের হুমকি দেন পরিচ্ছন্নতাকর্মীরা।হরিজন সম্প্রদায়ের বগুড়া জেলা সভাপতি দীপক রাম বলেন, প্রকাশ্য দিবালোকে ৫০০ টাকার জন্য আমাদের এক ছেলেকে চাকু মেরে হত্যা করা হলো, অথচ পুলিশ এখনো মূল আসামিকে ধরতে পারল না। তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি।

এর মধ্যে আসামি ধরা না পড়লে কাল (বৃহস্পতিবার) থেকে সারা দেশে কাজ বন্ধ করে দেবে পরিচ্ছন্নতাকর্মীরা।এ ব্যাপারে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন বগুড়া শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে ছুরিকাঘাতে আহত হন  সুনীল বাঁশফোড়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মারা যান সুনীল।

নিহত সুনীল বগুড়া শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।