মার্চ ২৫, ২০২৬ ২:৩১ pm
মাদারীপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেল শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এ ঘটনা হয়।
গতকাল রাতেই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘অভিযুক্ত ধর্ষক জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভিকটিম মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।’