বোচাগঞ্জে সব কেন্দ্রে বসল সিসি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৩
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৫৩ pm
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বোচাগঞ্জ উপজেলার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই উপজেলায় মোট কেন্দ্র ৪৫টি। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থায়ী কক্ষ ২৫৭টি, অস্থায়ী কক্ষ ৭টি।
সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, বোচাগঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৩০৭ জন এবং মহিলা ৭০ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বোচাগঞ্জ উপজেলায় নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।তিনি আরো জানান, ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম বোচাগঞ্জ উপজেলায় পৌঁছেছে। ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সব কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পুলিশ, আনসার মোতায়েন থাকবে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি টহল অবস্থায় থাকবে।
কোনো অবস্থাতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগ বা জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।