সন্ধ্যার আকাশে ফুটতে শুরু করেছে তারার ফুল, নিচে গাছ থেকে তুলে আনা তাজা ফুল। সমাধিগুলো ঢাকা পড়েছে ফুলে ফুলে।

প্রত্যেক সমাধিতে মোমবাতির সারি। পরিচ্ছন্ন সমাধিস্থল ঘিরে তখন অপার্থিব আবেশ।সোমবারের সন্ধ্যাটি ছিল দিনাজপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অন্যরকম। দিনটির নাম ‘অল সোলস ডে’।

এদিন সন্ধ্যায় প্রয়াতদের আত্মাকে স্মরণ করেন তারা। সমাধিস্থল পরিষ্কার করেন, ধূপকাঠি জ্বালেন, ছেয়ে ফেলেন ফুলে ফুলে।  মোমবাতির সারিতে সমাধিগুলো হয়ে ওঠে আলোকোজ্জ্বল।

বিভিন্ন সমাধিস্থল ঘুরে দেখা যায়, খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের স্বজনদের সমাধিতে ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন।

সমাধিগুলোতে জ্বলছে ধূপকাঠি ও মোমবাতি। এর আগে কয়েকদিন ধরে তারা সমাধি পরিষ্কার করেছেন, কাদা দিয়ে লেপে দিয়েছেন সমাধি।সমাধিস্থলে আসা মৃতদের স্বজনরা জানান, প্রতিবছর ২ নভেম্বর ‘অল সোলস ডে’ পালন করেন তারা। স্বজন বা প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ছড়িয়ে, পবিত্র জল ছিটিয়ে অল সোলস ডে বা বিশ্ব আত্মার শান্তি দিবস পালন করেন তারা। প্রতিবছরের মতো এবারও দিনাজপুরের গির্জাগুলোতে প্রার্থনা করেন শত শত মানুষ।

শহরের নিউটাউন মহাজন পাড়াসংলগ্ন সমাধিস্থল  খ্রিস্টান সিমেট্রিতে গিয়ে দেখা যায়, সেখানেও সমাধিতে  ফুল দিয়ে, ধুপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনের শ্রদ্ধা জানানো হচ্ছে। এ সময় সমাধির পাশে দাঁড়িয়ে বিশেষ প্রার্থনা করতেও দেখা যায় তাদের।

খ্রিস্টান সিমেট্রিতে থাকা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন বিশ্বনাথ লাকরা (৫৫)। তিনি জানান, তিন বছর আগে মারা গেছেন তার মা মিরা দেবী। তার ভাষ্য, ‘প্রিয়জন পৃথিবী থেকে বিদায় নিলেও তাদের স্মৃতি ও ভালোবাসা যে অমলিন, সেই বার্তাই বহন করে ‘অল সোলস ডে’। প্রয়াতদের স্মরণ, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ এবং আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে দিনটি পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।’

বিলিন বিলিন কুইয়া নামের একজন বলেন, ‘মৃত্যুর পরও প্রিয়জনের স্মৃতি বেঁচে থাকে হৃদয়ে। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসা ও জীবনের নানা গল্প স্মরণ করেই দিন কাটে স্বজনদের।’