সোমবার, মার্চ ২, ২০২৬

জিয়া সৈনিক দলের সভাপতিকে বের করে অফিসে তালা বিএনপি নেতার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৩৮ am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিয়া সৈনিক দলের থানা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন কার্যালয়ে তালা দেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেনকে তার অফিস থেকে বের করে দিয়ে পরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিএনপি নেতা গাজী মনির হোসেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন বলেন,  ‘সংগঠনের কর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী আলোচনা করছিলাম। সন্ধ্যায় হঠাৎ করে বিএনপি নেতা গাজী মনির হোসেনে নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন এসে আমাকে অফিস থেকে বের করে দেন। পরে সাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন গাজী মনির। এ সময় আমাকে শাসিয়ে বলেন, এখানে রাজনীতি করতে হলে, তারা যারা মূল দলে আছে তাদের সঙ্গে আলোচনা করে রাজনীতি করতে হবে।

আমি বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন জনকে জানিয়েছি।’অভিযোগের বিষয়ে গাজী মনির বলেন, ‘তারা আগে আওয়ামী লীগ করতো। তাই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধান্ত নিলে তাদের অফিস খুলে দেওয়া হবে।’তবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়টি এখনো শুনিনি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক কালের কণ্ঠকে বলেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। উভয়পক্ষ থানায় এসেছিল এবং ওই অফিসের তালা খুলে দিবে বলে আমাকে জানিয়ে তারা থানা থেকে চলে গেছে।