সোমবার, মার্চ ২, ২০২৬

ইপিজেড থেকে ট্রাক চুরির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৩১ pm

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে ইমাম হোসেন পবিরকে বহিষ্কারাদেশ কার্যকর করেন। যদিও বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পবিরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমাম হোসেন পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রাম ইপিজেড থেকে একটি ট্রাক চুরি হয়। এ নিয়ে মালিক থানায় অভিযোগ করার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। বিভিন্ন তথ্য অনুযায়ী, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ ইউনুছকে আটক করে গোয়েন্দা পুলিশ। তিনি চুরি হওয়া ট্রাকের চালক। তার দেওয়া তথ্যে রোববার রাতে সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকটির খণ্ড বিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে সে সময় ওই বাড়িতে পবির ও তার পরিবারের কোন সদস্য ছিলেন না। এ ঘটনায় মামলা দায়েরের খবরে পবির পালিয়ে যান। পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই।

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, ‘কারো ব্যক্তিগত কর্মের দায়ভার সংগঠন নেবে না। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনের জন্য উপজেলা যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’