‘আমাগে বাড়ি, ঘর-দুয়োর ভাইঙ্গে নদীর মধ্যি চলে গেছে। সরায়ে ঘর বানায়ছি, তাও ভাঙতি ভাঙতি চলে আইছে।

এহন ছয়াল-মায়ে নিয়ে আমরা  কহানে যাব? বালু মহালের বালি কাটার জন্যি এইসব হচ্ছে।’দ্বিতীয়বার বসতভিটা হারানো ভয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সেকেলা বেগম। বুধবার সকালে নড়াইলের কালিয়ার পার বিষ্ণুপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে এই বৃদ্ধা। এ সময় কথা হয় তার সঙ্গে।

চোখের পানি কাপড়ের আঁচলে মুছে সেকেলা বেগম ফের বলেন, ‘বালিকাটা আওলারা রাত্রিবেলা বালি কাটতি কাটতি নদীর কূলে চলে আসে। তদের কিছু বললি শোনে না।’

এরই মধ্যে পার বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক পরিবার নদীভাঙনে বাড়িঘর হারিয়েছে। বিলীন হয়েছে সরকারি আবাসন প্রকল্পের ঘর, মসজিদ, মাদরাসা এবং ব্যবসাপ্রতিষ্ঠানও।

ভাঙন থেকে ঘরবাড়ি, ব্যবসায়ীপ্রতিষ্ঠান রক্ষায়  এবং অবৈধভাবে বালুমহালের বালু তোলা বন্ধের দাবিতে গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে বুধবার মানববন্ধন করে এলাকাবাসী। কর্মসূচিতে দুই  শতাধিক বাসিন্দা অংশ নেন। সেখানে বক্তব্য দেন পুরুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণত সম্পাদক আলামিন ইসলাম মিলটন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ মোল্যা, সহ-সভাপতি  মো. ইকবাল বিশ্বাস প্রমুখ।

পুরুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণত সম্পাদক আলামিন ইসলাম মিলটন বলেন, সরকার যেভাবে ইজারা দিচ্ছে, সেই নিয়মে বালু কাটলে ক্ষতি হতো  না, কিন্তু এরা (বালু উত্তোলনকারী) রাতের অন্ধকারে নদীর কূলে এসে বালু তুলছে। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে।

এরইমধ্যে ৩০০ থেকে ৪০০ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। আরো কিছু  বিলীন হওয়ার উপক্রম হয়েছে।মিলটন আরো বলেন, আমরা নদীভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে বলেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। অবিলম্বে  নদীভাঙন থেকে এলাকা রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবি জানান তিনি।

নদীভাঙনের শিকার পারবোমবাগ গ্রামের জমির মোল্যা বলেন, ভাঙনে আমার ঘরের অর্ধেক নদীতে চলে গেছে। কোনোরকমে ঘরটা টিকে আছে। নদীতীরের বালু কাটার কারণে দ্রুত ভাঙন শুরু হয়েছে।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর ইসলাম মনি বলেন, নদীভাঙনে গত এক বছরে পার বিষ্ণুপুর ও পার বোমবাগ গ্রামের ৪৫ থেকে ৫০টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। ভাঙন থেকে গ্রাম দুটি রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম  বলেন, অবৈধভাবে বালু তোলার কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইতোপূর্বে একটি অভিযোগ ছিল,  আমরা অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছিলাম। ফের একইভাবে বালু তোলা হলে অভিযান পরিচালনা করা হবে।