মার্চ ২৫, ২০২৬ ২:৩৩ pm
ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত করতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। হিব্রু সংবাদমাধ্যমগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এ তথ্য দিয়েছে বলে মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা যুদ্ধ আর নতুন করে শুরু হবে না মর্মে নিশ্চয়তা চাইছেন। পাশাপাশি তারা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
এ ছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, যুদ্ধ শেষ করার জন্য ইরানকে ১৫টি শর্তযুক্ত শান্তিপরিকল্পনা পাঠিয়েছে আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইম, ডয়েচে ভেলে ও ইসরায়েলের চ্যানেল টুয়েলভ।
শান্তি প্রস্তাব মেনে নিলে ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। এর বাইরে, ইরান কী কী সুবিধা পাবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।