অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৪০ লাখ ছাড়ালো
মার্চ ৫, ২০২৬ ১২:১৭ pm
চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে ৪০ লাখেরও বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ২২ লাখ ৮২৭ জন করদাতা। বাকিরা করযোগ্য।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ।
সূত্র জানায়, দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা। তাদের মধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী করদাতা। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী করদাতা।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন এবং নারী করদাতার সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।
সূত্র জানায়, দাখিলকৃত রিটার্নের মধ্যে ২০২৫ সালের আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বর মাসে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, চলতি বছরের জানুয়ারি মাসে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চ মাসের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
এনবিআর সূত্রে জানা যায়, দাখিলকৃত রিটার্ন অনুযায়ী ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী করদাতা। ১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ৪৭ হাজার ৫৩২ জন নারী করদাতা।
২০ লাখ টাকার বেশি কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ এবং ১১ হাজার ৪৫৫ জন নারী করদাতা। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী করদাতা। সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।অন্যদিকে, ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৫০ লাখ করদাতা।