পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৪:২১ pm
পটুয়াখালী সদর উপজেলার পৌর এলাকার পুরান বাজার এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক শাহ সোয়েব।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে পুরান বাজারের আলামিন মুরগির আড়ত থেকে ৩৭টি মরা মুরগিসহ প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়।
সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়। বিষয়টি জনসমক্ষে আসার পর ৩৭টি মরা মুরগি নদীতে ফেলে দেওয়া হয়। দোকান কর্তৃপক্ষ দাবি করেন, তারা যে ফার্ম থেকে মুরগি কিনেছেন, সেখান থেকে ভুলবশত মরা মুরগিগুলো এসেছে।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম জানান, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, ফার্ম থেকে জবাই করা মুরগি আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় ব্যবসয়ীদের খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণে সতর্কবার্তা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।