জানুয়ারি ১১, ২০২৬ ৪:৪২ pm
জেনেভা বিশ্ববিদ্যালয়ে (ইউনিজ) সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের গবেষকদের যৌথ এক গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে দিনের প্রাকৃতিক আলো।
যৌথভাবে পরিচালিত এই গবেষণায় আরো দেখা গেছে, প্রাকৃতিক আলোতে থাকা ব্যক্তিদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে থাকে এবং এর ওঠানামাও তুলনামূলকভাবে কম হয়।
এ ছাড়া, প্রাকৃতিক আলোতে থাকা ব্যক্তিদের সন্ধ্যাবেলায় মেলাটোনিন হরমোনের মাত্রা কিছুটা বেশি থাকে, যা ঘুমের জন্য সহায়ক।
সেল মেটাবলিজম সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ওপর প্রাকৃতিক আলোর ইতিবাচক প্রভাবের প্রথম প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
ইউনিজের সহযোগী অধ্যাপক চার্না ডিবনার বলেন, ‘দীর্ঘদিন ধরে জানা গেছে, দেহের সার্কাডিয়ান চক্র বা জৈবিক ঘড়ির ব্যাঘাত বিপাকীয় রোগ সৃষ্টিতে বড় ভূমিকা রাখে।’
গবেষণার অংশ হিসেবে ৬৫ বছর বা তার বেশি বয়সী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ১৩ জন স্বেচ্ছাসেবীকে নেওয়া হয়।
চমকপ্রদভাবে দেখা যায়, আলোর কারণে তাদের অভ্যন্তরীণ ঘড়ি (সার্কাডিয়ান চক্র) ও বিপাকীয় কার্যক্রম পরিবর্তিত হয়। এ সময় যারা প্রাকৃতিক আলোর নিচে ছিলেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি অন্যান্য শারীরিক কার্যক্রম তুলনামূলক স্বাভাবিক ছিল।