রিয়ালে হঠাৎই কোণঠাসা মাস্তানতুয়োনো, আর্জেন্টিনা দলে উদ্বেগ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:২৫ pm
রিয়াল মাদ্রিদে স্বপ্নের শুরুটা হয়েছিল দারুণভাবে। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্ভাবনাময় অধ্যায়ই এখন অনিশ্চয়তায় ঘেরা। আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা দলে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, কোচ আলভারো আরবেলোয়ার অধীনে হঠাৎ করেই বদলে গেছে মাস্তানতুয়োনোর অবস্থান।
আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই একাদশে ছিলেন মাস্তানতুয়োনো। একটি গোলও করেন তিনি। প্রতি ম্যাচে ৭০ মিনিটের বেশি সময় খেলেছিলেন, যা প্রমাণ করেছিল কোচের আস্থাভাজন হিসেবেই এগোচ্ছেন তিনি।
কিন্তু রায়ো ভায়েকানোর ম্যাচের পর দৃশ্যপট পাল্টে যায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাত্র ৮২ মিনিটে বদলি হিসেবে নামেন। এরপর রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা (চ্যাম্পিয়নস লিগ) ও ওসাসুনার বিপক্ষে তাকে মাঠেই দেখা যায়নি।চার ম্যাচে মোটে ১৩ মিনিট, এই পরিসংখ্যানই এখন আর্জেন্টিনায় উদ্বেগের কারণ।
২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং জুনে বিশ্বকাপ সামনে।
জাতীয় দলে জায়গা পাকা করতে হলে নিয়মিত খেলা ও ধারাবাহিক পারফরম্যান্স খুবই জরুরি। এমন সময়ে ক্লাবে সুযোগ কমে যাওয়া মাস্তানতুয়োনোর জন্য বড় ধাক্কা হতে পারে।রিভার প্লেট কিংবদন্তি নরবের্তো আলোনসো পরিস্থিতি নিয়ে সরাসরি বলেন, ‘ওকে শেষ করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় ছেলেটা আগে নিচু মানের দলে যাবে, সেখানে নিজেকে প্রমাণ করে তবেই হয়তো আবার রিয়ালে ফিরবে।’
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে সময় খুব কম।
তরুণদের দ্রুত নিজেকে মানিয়ে নিতে হয়, নয়তো ধার কিংবা দলবদলের পথই খোলা থাকে।