সোমবার, মার্চ ২, ২০২৬

টানা দুই ড্র-তে বেহাল আর্সেনাল রোববার সবকিছুর জবাব দিতে চায় দলটা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:৪৪ am

ম্যাচটা পয়েন্ট টেবিলের তলানির দল উলভসের বিপক্ষে। ধারে-ভারে-ঐতিহ্যে এগিয়ে থাকা আর্সেনালের জন্য ম্যাচটা তাই সহজই হওয়ার কথা ছিল। তার ওপর গত বছরের অক্টোবর থেকেই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আর্সেনালের দখলে। তাতে ২২ বছর পর আবারও লিগ শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হচ্ছিল দলটার।

উলভসের ঘরের মাঠ মলিনাক্সে গতকাল বুধবার আর্সেনালের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ৫ মিনিট বুকায়ো সাকার গোলে এগিয়ে যাওয়া আর্সেনাল ৫৬ মিনিটে পিয়েরো হিনাকেপির গোলে ২-০ ব্যবধানের লিড পেয়েছিল। কিন্তু এমন অবস্থা থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিকেল আর্তেতার দল।

৬১ মিনিটে উগো বুয়েনো ও যোগ করা সময়ে কালাফিওরির আত্মঘাতী গোলে ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয়েছে। তাতে আর্সেনালের লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। আর উলভের নাম উঠেছে রেকর্ড বইয়ে। প্রিমিয়ার লিগ ইতিহাসে উলভসই প্রথম দল, যারা তলানির দল হিসেবে মাঠে নেমে শীর্ষ দলের বিপক্ষে অন্তত দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচে হারেনি।

অন্যদিকে আর্সেনাল শুধু উলভসের বিপক্ষেই নয়, এর আগের ম্যাচেই ব্রেন্টফোর্ডের সঙ্গেও ড্র করে পয়েন্ট খুইয়েছে। আর তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, আগামী রোববার টটেনহামের বিপক্ষে ম্যাচে সমালোচনার জবাব দেবে তাঁর দল।

আর্সেনাল পরপর দুই ম্যাচে ৪ পয়েন্ট হাতছাড়া করায় সবচেয়ে বেশি লাভটা হয়েছে দুইয়ে থাকা ম্যান সিটির। গতকালের ড্র-তে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। আর দুইয়ে থাকা পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৫৩।

তবে ম্যান সিটি একটা ম্যাচ কম খেলেছে। ওই ম্যাচ জিতলে ব্যবধান ২-এ নেমে আসবে। তাছাড়া মৌসুমের বাকি অংশে সিটির মাঠে একটা ম্যাচ আছে আর্সেনালের। ওই ম্যাচও যদি সিটি জেতে, তাহলে আর্সেনালকে টপকে ওপরে চলে যাবে গার্দিওলার দল (বাকি ম্যাচগুলো জেতা সাপেক্ষে)।

সিটির বিপক্ষে ম্যাচের প্রায় মাস দুয়েক দেরি। কিন্তু পরপর দুই ম্যাচ ড্র করা আর্সেনালের পরের দুটি ম্যাচ টটেনহাম ও চেলসির বিপক্ষে। বড় পরীক্ষার আগে হঠাৎ ছন্দ হারিয়ে ফেলায় চারদিকে থেকে যাওয়া সমালোচনা মাথা পেতে মেনে নিতে হবে, সেটা মনে করিয়ে দিয়েছেন আর্তেতা।

গতকাল ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেছেন, ‘যে কোনো মতামত মেনে নিতে হবে। যে কোনো সমালোচনা মাথা পেতে নিতে হবে, কারণ আমরা সেরা মানের খেলাটা খেলতে পারিনি। মানুষ যা বলবে, সেটা সঠিক হতে পারে, কারণ আমরা আমাদের কাজটা করতে পারিনি। আগামী রোববার (টটেনহামের বিপক্ষে) মাঠে এর জবাব দিতে হবে মাঠে।’