সোমবার, মার্চ ২, ২০২৬

ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৪৪ pm

লা লিগার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। ফ্রান বেলত্রানের শেষ মুহূর্তের গোলে জিরোনা ২-১ ব্যবধানে জয় তুলে নিলে কাতালান ডার্বি থেকে হতাশ মুখেই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

জিরোনার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বার্সার হয়ে রাফিনিয়া ও লামিনে ইয়ামাল সুযোগ পেলেও গোলের দেখা পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেলেও ইয়ামালের স্পটকিক পোস্টে লেগে ফিরে আসে।বিরতির পর ৫৯ মিনিটে পাউ কুবারসির হেডে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু দুই মিনিটের মধ্যেই থমাস লেমার গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণে চাপ বাড়ায় জিরোনা।

ম্যাচের ৮৬ মিনিটে ফ্রান বেলত্রান নিচু শটে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা। বার্সা শিবিরের আপত্তি সত্ত্বেও বহাল থাকে গোল। অতিরিক্ত সময়ে স্বাগতিক খেলোয়াড় জোয়েল রোকা লাল কার্ড দেখলেও ম্যাচের ফল বদলায়নি।

এই হারে ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট এগিয়ে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে। অপরদিকে ২৪ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জিরোনা।