সোমবার, মার্চ ২, ২০২৬

ভাইঝির বিয়ে, অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৪৩ pm

অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অন্তর্বতী জামিন পেয়েছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্টে ছিল মামলার শুনানি। আদালত শর্ত ছিল দুপুর ৩টার মধ্যে ডিম্যান্ড ড্রাফটে ১.৫ কোটি রুপি জমা দিতে হবে, তবেই মিলবে জামিন।

সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে খবর, আদালতের শর্ত রেখেছেন রাজপাল। ১.৫ কোটি রুপি জমা দেওয়ার পরই তিনি অন্তর্বর্তী জামিন পেলেন।

ইতিমধ্যেই রাজপালের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। যে তালিকায় রয়েছেন সোনু সুদ, সালমান খান, অজয় ​​দেবগন, বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকিসহ আরও অনেকে। তাঁদের সকলের সাহায্যে রাজপাল এবার কিছুটা হলেও দেনামুক্ত। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে স্বস্তিতে তিনি।

জানা যায়, এই জামিনের পেছনে রয়েছে একটি পারিবারিক কারণ। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর ভাইঝির বিয়ের অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি চেয়েই আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তাঁর আবেদন বিবেচনা করে আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

রাজপালের এই আর্থিক কেলেঙ্কারির সূত্রপাত ২০১২ সালে। সে বছর তিনি পরিচালনা করেছিলেন ‌‌‘আতা পাতা লাপাতা’ নামের একটি ছবি। তবে তা বক্স অফিসে ব্যর্থ হয় এবং সেই ক্ষতি সামলাতে না পেরে সময়ের সঙ্গে সঙ্গে দেনা বাড়তে বাড়তে ৯ কোটি টাকায় পৌঁছায়।