সোমবার, মার্চ ২, ২০২৬

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৩৫ pm

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তায় বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া উপত্যকায় স্থিতিশীলতা বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজারো কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ১৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি শান্তি বজায়ের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে গঠিত হয় বোর্ড অব পিস। গতকাল রোববার ট্রুথ স্যোশালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হামাসকে অবশ্যই অস্ত্রত্যাগ ও যুদ্ধবিরতির চুক্তি রক্ষা করতে হবে। বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে বলেও জানান ট্রাম্প। এ সময় এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত সম্মানের বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উভয় পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।