ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:২৯ pm
বিরোধী দলের ছায়া সংসদ হলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিরোধী দল ছায়া সংসদ করার সংস্কৃতি উন্নত বিশ্বে আছে। যদি তা হয়, তাহলে একে স্বাগত জানাই।’
মঙ্গলবার সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল বিএনপি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা হবে বেলা সাড়ে ১১টায়। সংসদ ভবনে এই সভা হবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।’
মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছে এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছে তার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’