ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:২৬ pm
জুলাই জাতীয় সনদ’–এ স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল যমুনায় যায়।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে দেশে গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরে সম্মত হয় এনসিপি।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। এতে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তবে তখন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির এই প্রতিনিধিদলে আরও রয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।