সোমবার, মার্চ ২, ২০২৬

নতুন সরকারের জন্য যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:২৪ pm

অর্থনৈতিক সংকট মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা খাতের সংস্কার এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে অগ্রাধিকার দিতে হবে নতুন সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেশকে একটি আত্মমর্যাদাশীল ও সচেতন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে বিএনপি জয়ী হয়েছে ২১২টি আসনে। এই নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য ও মন্ত্রীরা শপথ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দেশের শিক্ষা খাত এখন অনেকটাই ভঙ্গুর ও অস্থিতিশীল। সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বেসরকারি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আখতার হোসেন বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে কোনো উন্নয়নই টেকসই হবে না। সুতরাং শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে।’

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা নতুন সরকারের জন্য বড় পরীক্ষা। গণ-অভ্যুত্থানের পর গঠিত এই নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তৌহিদুল হক বলেন, ‘উত্তরাধিকার সূত্রে বিএনপি যে ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা পেয়েছে, সেই জায়গাগুলোতে তাদের অঙ্গীকার অনুযায়ী কাজ করতে হবে।’

এদিকে প্রতিবছরই দেশে বেকারের সংখ্যা বাড়ছে। তাই নতুন কর্মসংস্থান সৃষ্টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বিএনপির মধ্যে আগামীর যে সম্ভাবনা ও পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষ তাদের বেছে নিয়েছে, এখন বিভিন্ন কর্মসূচি, নীতি ও সেবার মাধ্যমে সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করতে হবে।’

বিশ্লেষকেরা আরও মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ ধরনের আন্দোলন দেশের স্থিতিশীলতার জন্য বাধা হতে পারে। তাই এ ক্ষেত্রে পেশাজীবী সংগঠনসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।।