সোমবার, মার্চ ২, ২০২৬

টেইলর সুইফটের নাম ভাঙিয়ে বালিশ-বিছানার চাদর বিক্রি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:২৬ pm

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফটের নাম ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে একটি বেডিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন এই গায়িকা।

অভিযোগ অনুযায়ী, ‘সুইফট হোম’ নামে ট্রেডমার্ক ব্যবহার করে বিছানার চাদর ও বালিশ বাজারজাত করার চেষ্টা করছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ক্যাথে হোম। এতে সাধারণ গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পণ্যগুলোর সঙ্গে টেইলর সুইফটের সম্পৃক্ততা আছে বলে মনে করতে পারেন— এমন আশঙ্কা থেকেই মার্কিন সরকারের কাছে ট্রেডমার্কটি বাতিলের আবেদন জানিয়েছেন পপতারকা।

সুইফটের আইনি প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান টিএএস রাইটস ম্যানেজমেন্ট এলএলসি জানিয়েছে, ‘সুইওফট হোম’ নামটি যেভাবে লোগো হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা গায়িকার স্বাক্ষরের অনুকরণ বলে মনে হচ্ছে। গত বুধবার এই বিষয়ে আপিল জমা দেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে।

আইনি নথিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে সুইফটের জনপ্রিয়তা ব্যবহার করে ব্যাবসায়িক সুবিধা নিতে চাইছে। ‘সুইফট হোম’ নামটি গ্রাহকদের মধ্যে এমন ধারণা তৈরি করতে পারে যে পপতারকার সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোনো ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, নিজের নাম, আদ্যক্ষর, অ্যালবামের নাম এমনকি গানের কিছু অংশের সুরক্ষায় যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৩০০টিরও বেশি ট্রেডমার্ক নিবন্ধন করেছেন টেইলর সুইফট। পোশাক থেকে শুরু করে গৃহস্থালি পণ্য— নানা ক্ষেত্রে তার নাম ব্যবহারের অধিকার তিনি আগে থেকেই সংরক্ষণ করে রেখেছেন।

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট। তার রেকর্ডভাঙা বিশ্বভ্রমণ দ্য ইরাস ট্যুর থেকে আয়ের পর তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষায় তিনি বরাবরই কঠোর অবস্থানে থাকেন, আর এই আইনি পদক্ষেপ তারই সাম্প্রতিক উদাহরণ।