ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:১৯ pm
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম দেখভাল করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম)। তারা জানিয়েছে, শুক্রবার ভোরে মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী অভিযান চালায়, যাতে তিনজন মারা যান।
তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বিচার ছাড়াই মানুষ হত্যার শামিল হতে পারে— এমনকি তারা অপরাধে জড়িত থাকলেও।এর আগে সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় একটি জাহাজে আঘাত করে দুজনকে হত্যা করা হয়। তখন একজন জীবিত ছিলেন বলে জানায় সাউথকম। তারা জানিয়েছে, বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তবে ওই ব্যক্তি পরে উদ্ধার হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে প্রায় ৪০টি জাহাজের ওপর অন্তত ৩৮টি হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র লড়াইয়ে’ আছে এবং দেশে মাদক আসা ঠেকাতে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে হামলা চালানোর আইনি অধিকার যুক্তরাষ্ট্রের নেই।অপরাধের অভিযোগ থাকলেও অভিযুক্তদের আইনি বিচার পাওয়ার অধিকার রয়েছে।