বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় যা বললেন ডি ভিলিয়ার্স
জানুয়ারি ২৮, ২০২৬ ১২:৫২ pm
আলোচনা যেন থামছেই না। ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই ইস্যুতে হতাশা প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
পুরো ঘটনাকে ক্রিকেটের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে দেখছেন তিনি। ডি ভিলিয়ার্সের মতে, বিষয়টি এত দূর গড়ানোই ছিল অপ্রয়োজনীয়। তিনি বলেন, ‘কোনো অবস্থায়ই এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। এটা সত্যিই হতাশাজনক এবং খেলাটির জন্য ভালো কিছু নয়’
ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ায়ও অসন্তোষ প্রকাশ করেছেন এই সাবেক প্রোটিয়া অধিনায়ক, ‘কে বা কারা এসব সিদ্ধান্ত নিচ্ছে জানি না, তবে তাদেরই এসব সমস্যার সমাধান করা উচিত।
আগেও বলেছি, ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশে যাওয়াকে আমি ঘৃণা করি। দুঃখজনকভাবে এই কারণেই বিষয়টি এত দূর গড়িয়েছে।’
পুরো ব্যাপারটি নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই ১০টি দেশের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যা প্রায় ১৭ কোটি ৮০ লাখ, যেখানে বাংলাদেশের একারই দর্শকসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ।
’ ইউসুফের মতে, ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আইসিসির।তিনি বলেন, ‘একটি খেলা যখন বৈশ্বিক দর্শকদের ওপর নির্ভরশীল, তখন বাংলাদেশের নিরাপত্তাজনিত যৌক্তিক উদ্বেগকে উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বেছে বেছে সুবিধা দিলে ন্যায়পরায়ণতা থাকে না। ক্রিকেটকে প্রভাবের ভিত্তিতে নয়, নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে।’
এসব আলোচনার মধ্যে ভারতে নতুন করে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর উদ্বেগ বাড়িয়েছে।
এই ভাইরাস বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে!