জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৫৪ pm
দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ জানায়, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো দেশটির পূর্ব উপকূলের কাছের সাগরের দিকে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রগুলো আনুমানিক ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
জাপানের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছয়।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তর উত্তর কোরিয়াকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে এগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং জননিরাপত্তাকে প্রভাবিত করা একটি গুরুতর বিষয়। জাপান উত্তর কোরিয়ার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে।’
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছে, যেগুলোকে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে আত্মরক্ষার জন্য তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উন্নয়ন করা হচ্ছে বলে দাবি করেছে।
সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। সেখানে তিনি সামরিক জোট আধুনিকীকরণ নিয়ে আলোচনা করছেন, কারণ ওয়াশিংটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় তুলনামূলক সীমিত ভূমিকা নিতে চাইছে।