সোমবার, মার্চ ২, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশ

জানুয়ারি ২২, ২০২৬ ১২:১১ pm

হবিগঞ্জ: প্রথমবারের মতো হবিগঞ্জ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। জনসভাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি।

একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (২১ জানুয়ারি) রাতে সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে দলে দলে নেতাকর্মীরা প্রস্তুতির কাজে ব্যস্ত। মাঠের চারপাশ সাজানো হয়েছে, নির্মাণ করা হয়েছে সুসজ্জিত মঞ্চ।

বিএনপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

এরপর তিনি এককভাবে জনসভায় বক্তব্য দেবেন।

গত কয়েকদিন ধরে জনসভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিএনপির শীর্ষ নেতারা সমন্বিতভাবে কাজ করছেন। বিএনপির পক্ষ থেকে তিন শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসভাস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও দুটি অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ বলেন, জনসভা সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছে। স্মরণীয় আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। সার্বিক বিষয় তিনি নিজে তদারকি করছেন বলে জানান। তার ধারণা, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে।

বিএনপি চেয়ারপাম্যানের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, তারেক রহমানের এটি প্রথম হবিগঞ্জ সফর।

এই জনসভাকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে চান তারা।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, জনসভাস্থল, প্রবেশপথ ও আশপাশের সড়ক ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকেও নিরাপত্তাকর্মীরা কাজ করবেন।

এর আগে বুধবার রাত ৮টায় বিজি-২২৭ ফ্লাইটে তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

আজ সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। দুপুর ২টায় সড়কপথে শেরপুরে মৌলভীবাজার জেলা বিএনপির জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ জেলার চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে জনসভায় বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন।