সোমবার, মার্চ ২, ২০২৬

হিমশীতল প্রাগে জিতেও দুশ্চিন্তায় বার্সা

জানুয়ারি ২২, ২০২৬ ১১:৫৮ am

চেক প্রজাতন্ত্রের হাড়কাঁপানো ঠান্ডায় স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি শেষ ১৬-তে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল হান্সি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়েছে দলের মাঝমাঠের প্রাণ পেদ্রির চোট এবং ফ্রেংকি ডি ইয়ংয়ের নিষেধাজ্ঞার খবরে।

প্রাগের তাপমাত্রা যখন মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস, তখন ম্যাচের ১০ মিনিটেই ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

তবে প্রথমার্ধেই বার্সাকে ম্যাচে ফেরান তরুণ তুর্কি ফারমিন লোপেজ। ৩৪ মিনিটে নিঁখুত কোণাকুণি শটে সমতা ফেরানোর পর ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। যদিও প্রথমার্ধের শেষ দিকে রবার্ট লেভানডফস্কির আত্মঘাতী গোলে ২-২ সমতায় বিরতিতে যায় দু’দল।বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালানরা।

৬৪ মিনিটে বদলি হিসেবে নামা দানি ওলমো বক্সের কিনারা থেকে চোখধাঁধানো এক শটে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। ৭০ মিনিটে নিজের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন লেভানডফস্কি। মার্কাস র‍্যাশফোর্ডের ক্রস থেকে বল জালে জড়িয়ে দলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই পোলিশ ফরোয়ার্ড। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় বার্সা, যার ১২টিই ছিল লক্ষ্যভেদী।
মাঠের লড়াইয়ে জিতলেও মাঠের বাইরে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার পেদ্রি। তার চোটের ধরণ বেশ গুরুতর বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। গুরুত্বপূর্ণ সময়ে দুই নির্ভরযোগ্য মিডফিল্ডারকে হারানো বার্সার জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন টেবিলের নবম স্থানে। সেরা আটে থেকে সরাসরি নকআউট পর্বে যেতে হলে আগামী ২৮ জানুয়ারি ডেনিশ ক্লাব এফসি কোবেনহেবনের বিপক্ষে জিততেই হবে তাদের।