সোমবার, মার্চ ২, ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে স্কোর বড় করতে পারল না রংপুর

জানুয়ারি ২০, ২০২৬ ৩:১৬ pm

বাঁচা-মরার সমীকরণে নামা ম্যাচে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সের টপ অর্ডার মুখ থুবড়ে পড়ল সিলেট টাইটান্সের সামনে। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কোনোমতে ১১১ রানের পুঁজি দাঁড় করাতে পারে রংপুর।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ।

তার ২৬ বলের ইনিংস ছিল চাপ সামলানোর চেষ্টা মাত্র।ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় রংপুর। খালেদ আহমেদের বলে ফিরে যান তাওহিদ হৃদয়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন থামেন মাত্র ৪ রানে।

সমান রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ডেভিড মালানও। ওয়ানডাউনে নেমে খালেদের শিকার হয়ে রংপুর অধিনায়ক লিটন দাস পারেননি রানের চাকা ঘুরাতে। কাইল মায়ার্সকে বিদায় করে চাপ আরো বাড়ান সিলেটের সালমান।২৯ রানে চার উইকেট হারানোর পর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ কিছুটা চেষ্টা করেন সম্মানজনক স্কোরে যেতে।

তবে সেই জুটিও বড় হতে দেননি নাসুম আহমেদ। ৩০ রানে খুশদিলকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন তিনি। এরপর ৩৩ রান করা মাহমুদউল্লাহকেও সাজঘরে পাঠান নাসুম।এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৮ রানে ভর করে তিন অঙ্কে পৌঁছায় তারকাখচিত দলটি।

সিলেটের হয়ে বল হাতে খালেদ আহমেদ মাত্র ১৪ রানে নেন ৪ উইকেট। নাসুম আহমেদ খরচ করেন ১২ রান, নেন ২টি উইকেট। ক্রিস ওকসও ১৫ রানে নেন ২টি।

এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দলের বিপিএল অভিযান শেষ হয়ে যাবে এখানেই।