জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৪২ pm
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে এক সম্মেলন এ কথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হবিগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইমাম ও ধর্মীয় নেতারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ধর্মীয় মূল্যবোধের আলোকে মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। গণভোটে আমরা জুলাই সনদের পক্ষে কথা বলতে এসেছি। কেউ প্রশ্ন তুলতে পারে—সরকারে থেকেও কেন আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করছি। এটি বর্তমান সরকারের ম্যান্ডেটের বিষয় নয়; বরং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনায় অংশীদার হয়েছি জুলাই বিপ্লবের কারণে। তাই জুলাই বিপ্লবের চেতনাকে গণভোটের মাধ্যমে ধারণ করতে চাই। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং ক্ষমতা আঁকড়ে ধরে যেকোনো ধরনের নির্বাচন করার সুযোগ বন্ধ হবে। এ কারণেই সরকার গণভোটের পক্ষে কাজ করছে।’’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘ইমামদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ ছাড়া পুলিশ জেলা নির্বাচন কর্মকর্তা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম, সাংবাদিক ও ধর্মীয় নেরা অংশগ্রহণ করেন।