সোমবার, মার্চ ২, ২০২৬

অস্ট্রিয়ায় তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

জানুয়ারি ১৮, ২০২৬ ১২:২৬ pm

অস্ট্রিয়ার মধ্যাঞ্চলে তুষারধসে তিনজন চেক স্কিয়ারের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত দেশটির আল্পস পর্বতমালায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজন।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের পর আল্পস পর্বতমালা জুড়ে তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে। স্টাইরিয়া প্রদেশের মুরতাল জেলায় সাতজন চেক স্কি পর্যটকের একটি দল তুষারধসে চাপা পড়েন।

পুলিশ জানিয়েছে, তিনজন স্কিয়ার পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা চেষ্টা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি এবং তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।একই দিনে, সালজবুর্গের পঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধস সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দলের ওপর আঘাত হানে। এতে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

এর আগে, একই এলাকায় আরেকটি তুষারধসে এক অফ-পিস্ট স্কিয়ার মারা যান।পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার প্রধান গেরহার্ড ক্রেমসারক বলেন, আজ অসংখ্য তুষারধসের ঘটনা ঘটেছে। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা আরো কঠিন করে তুলছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অস্ট্রিয়ার আলপাইন রিসোর্ট ব্যাড গাস্টাইনে অফ-পিস্টে স্কি করার সময় একটি তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়। পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের উইয়ারবার্গ রিসোর্টে রবিবার (১১ জানুয়ারি) তুষারধসে ৫৮ বছর বয়সী এক স্কি পর্যটকের মৃত্যু হয়।