গানের কথায় বিপিএল মাঠে আছেন জীবনও
জানুয়ারি ১৫, ২০২৬ ১২:৪০ pm
ক্রিকেটের সঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের সখ্য বেশ পুরনো। বাংলাদেশ দলের অধিকাংশ ম্যাচেই বাজে তাঁর রচিত গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়াও দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট নিয়ে অনেক গান করেছেন তিনি। বর্তমানে চলছে বিপিএলের নতুন আসর।
বরাবরের মতো এই আসরেও গানে গানে উপস্থিত রয়েছেন জীবন।বিপিএলের সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের থিম সং লিখেছেন তিনি। এর মধ্যে রাজশাহীর গানটির শিরোনাম ‘জিতে লি বে’। নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটি গেয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও মৌমিতা তাশরিন নদী।
একদিকে গানটি বাজছে রাজশাহীর ম্যাচগুলোতে, মাঠের গ্যালারিতে। আবার দলটির ফেসবুক পেজেও করা হয়েছে উন্মুক্ত।
ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি
অন্যদিকে সিলেটের থিম সংটিতে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল। সেই সঙ্গে এ গানে বিশেষ র্যাপ গেয়েছেন সিফাত আব্দুল্লাহ আবির।
এটিও সিলেটের ম্যাচগুলোতে বাজানো হচ্ছে।গান দুটির প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘ক্রিকেট পাগল মানুষ আমি। ফুরসৎ পেলেই মাঠে ছুটে যাই। তাছাড়া ক্রিকেট নিয়ে লিখতে পারা আমার জন্য বরাবরই বিশেষ আনন্দের। এবারও সেই আনন্দের মাঝে আছি।
রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস দল দুটিকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য।’উল্লেখ্য, ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়াও শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস, মিনিস্টার রাজশাহী দলগুলোর জন্যও থিম সং লিখেছেন তিনি।