সোমবার, মার্চ ২, ২০২৬

গ্যাংস্টারের জীবন নিয়ে ‘ও রোমিও’, ২ কোটির আইনি জটিলতায় শহিদের ছবি

জানুয়ারি ১৪, ২০২৬ ১২:১২ pm

সম্প্রতি প্রকাশ্যে এসেছে শহিদ কাপুর অভিনীত ‘ও রোমিও’ ঝলক। তবে বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমা নিয়ে এরইমধ্যে দানা বেঁধেছে তুমুল বিতর্ক। গুঞ্জন রয়েছে, মুম্বাইয়ের গ্যাংস্টার হুসেন উস্তরার জীবন নিয়ে নির্মিত হয়েছে এটি। সেই আলোচনার মাঝেই উস্তরা-কন্যা সনোবর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

আশি-নব্বইয়ের দশকে দাউদ ইব্রাহিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিলেন গ্যাংস্টার হুসেন উস্তরা। পরে তিনি দাউদের লোকজনের হাতে খুন হয়েছিলেন।

সিনেমায় হুসেনের চরিত্রে অভিনয় করেছেন শহিদ। পর্দায় যেভাবে সেই গ্যাংস্টারকে দেখানো হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সনোবর। এর জেরে তাঁদের পরিবারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে দাবি। তাই প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়ে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। তাঁর অনুমতি ছাড়া যেন সিনেমাটি মুক্তি না পায়—সেই দাবিও করেছেন গ্যাংস্টার-কন্যা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে হুসেন উস্তরার জীবন নিয়ে চিত্রনাট্য তৈরি করছিলেন বিশাল ভরদ্বাজ। তবে ‘ও রোমিও’ সেই চিত্রনাট্যের ওপর নির্ভর করেই নির্মিত হয়েছে কি-না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

নির্মাতারা অবশ্য প্রকাশিত ট্রেলারে উল্লেখ করেছেন, সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। শহিদ কাপুরের চরিত্রটি নিয়েও কিছু স্পষ্ট নয়।

ও রোমিও টিমের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, শহিদ এক ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করেছেন। খুনি হলেও আফশা নামে একটি মেয়ের প্রেমে পড়ে যায় চরিত্রটি। সেই আফশার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি।

সিনেমায় শহিদের নৃশংসতা নজর কেড়েছে। তাঁর সারা শরীরে অস্থায়ী উল্কি আঁকা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি ও নানা পাটেকর। আগামী ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।