নিয়মিত টেলিভিশন না দেখার অভ্যাসের কথা জানিয়ে অভিনেতা বলেছেন, নতুন সিরিজটি হয়তো তার দেখা হবে না।সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিরিজটি দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে ড্যানিয়েল বলেন, ‘সত্যি বলতে, আমি দেখব কি না জানি না।’
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, হ্যারি পটার সিনেমায় তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। তা ছাড়া টেলিভিশন দেখার অভ্যাসও তার নেই।
এবার নতুন প্রজন্মের জন্য চরিত্রটিকে পর্দায় তুলে ধরছে এইচবিও।নতুন সিরিজে হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করবেন ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে থাকছেন হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অ্যারাবেলা স্ট্যানটন এবং রন উইজলি চরিত্রে অ্যালিস্টার স্টাউট।
নতুন হ্যারি পটারকে নিয়ে আশাবাদী ড্যানিয়েল। ডমিনিককে কোনো পরামর্শ দিতে চান না তিনি।
তার মতে, ডমিনিক নিজেই ভালো করবেন। সাক্ষাৎকারে ড্যানিয়েল বলেন, নতুন অভিনেতাকে কোনো পরামর্শ দিলে পরবর্তী সময়ে তার সাক্ষাৎকারেও সেই প্রসঙ্গ আসবে। তাই তিনি ছেলেটিকে অযথা বিরক্ত করতে চান না। তবে ভবিষ্যতে তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন।এর আগে নিজের সন্তানদের প্রসঙ্গেও নতুন সিরিজ নিয়ে কথা বলেছিলেন ড্যানিয়েল। তিনি বলেছিলেন, সন্তানরা বড় হয়ে যখন হ্যারি পটারের ভক্ত হবে, তখন তারা তার অভিনীত সিনেমার বদলে নতুন সংস্করণটি দেখতে পারবে—এতে তিনি আনন্দিত। এতে হ্যারি পটার নিয়ে সন্তানদের সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বও অন্য কারো ওপর ছেড়ে দিতে পারবেন তিনি।
এইচবিওর নতুন সিরিজের প্রথম মৌসুমে থাকবে আটটি পর্ব। এতে প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর কাহিনি তুলে ধরা হবে। ড্যানিয়েলের পাশাপাশি নতুন সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জন লিথগো, জ্যানেট ম্যাকটিয়ার ও নিক ফ্রস্ট। তাদের দেখা যাবে যথাক্রমে অ্যালবাস ডাম্বলডোর, মিনার্ভা ম্যাকগোনাগল ও রুবিয়াস হ্যাগ্রিডের ভূমিকায়।