বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে।
তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে নথিপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমাতে এসএমই ফাউন্ডেশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তারা যেন সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ পান, সেটি নিশ্চিত করা হবে।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বক্তব্য দেন। সিবিআই ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
