ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রুশ সামরিক বিমানের অবতরণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক সদস্যদের পরিবহনে ব্যবহৃত বিমানটিকে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান।

রবিবার সন্ধ্যায় রাশিয়ার তুপোলেভ টিইউ-১৫৪  মডেলের বিমানটি ইসরায়েলের বিমানবন্দরে অবতরণ করে। তবে কী কারণে বিমানটি সেখানে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। বিমানটিতে কারা ছিলেন কিংবা তাদের সফরের উদ্দেশ্য কী, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি মস্কোর কাছে অবস্থিত রাশিয়ার চকালোভস্কি বিমানঘাঁটি থেকে যাত্রা করে।

স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে প্রথম বিমানটির অবস্থান শনাক্ত করা হয়।কান জানায়, সোমবার সকালে বিমানবন্দরে অবস্থানরত রুশ বিমানটির ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে তারা। বিমানটি সোমবারই ইসরায়েল ছাড়ার কথা থাকলেও কখন রওনা হবে, তা জানানো হয়নি।

সম্প্রচারমাধ্যমটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের এই বিমানবন্দরে এমন কোনো রুশ সামরিক বিমানের অবতরণের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলে নিযুক্ত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।