গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেছেন, কৃষিভিত্তিক এই দেশকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলন যদি সারা দেশে অব্যাহত থাকত, তবে কেউ নিরক্ষর থাকত না এবং সবার জন্য শিক্ষা, পুষ্টি ও খাদ্য নিশ্চিত করা সম্ভব হতো।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি (জোড়া পাম্প) এলাকার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ‘সমবায় সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই।

প্রয়োজন শুধু কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা ও একসঙ্গে কাজ করার মানসিকতা।’তিনি বলেন, আমাদের এই দেশ কৃষিপ্রধান দেশ। এই কৃষির উন্নয়ন এবং আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা আমরা সমবায় আন্দোলনের মাঝেই খুঁজে পাই। কালীগঞ্জে হয়ত এই সমবায় আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে দেশের সেই উদ্যোগ নেই।

তিনি আরো বলেন, কালীগঞ্জের মতো সারাদেশে এই আন্দোলন আরো বেগবান করা দরকার। এই দিবসটি যেন শুধু পালনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সবাই একত্রিত হয়ে কাজ করলে আমরা ক্ষুধা ও দারিদ্র্য ঘুচিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারব।

রুহুল কবীর রিজভী বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষের স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।