খবরের শিরোনাম থেকে শুরু করে টেলিভিশনের সবুজ পর্দা কিংবা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের গায়ের জার্সি—সবখানেই এখন কেবল একটিই নাম উচ্চারিত হয়, লামিনে ইয়ামাল। বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও আকাশছোঁয়া খ্যাতির মধ্যেও তরুণ এই বার্সেলোনা তারকার আসল নাম নিয়ে ভক্তদের মনে রয়েছে এক দীর্ঘদিনের বিভ্রান্তি।

তবে এবার সেই ভুল সংশোধন করে দিয়েছেন খোদ তার বাবা মুনির নাসরাউই।সম্প্রতি দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগায় বার্সেলোনার ৬-১ গোলের সেই বিশাল জয়ে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। ম্যাচ শেষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে ছেলের নাম নিয়ে চলা ভুল ধারণার অবসান ঘটান তার বাবা। তিনি স্পষ্ট করে জানান, সাধারণ মানুষ বা ভক্তরা অনেকেই মনে করেন ‘ইয়ামাল’ হলো বার্সা তারকার নামের শেষাংশ বা পদবি।

কিন্তু বাস্তবে ‘লামিনে ইয়ামাল’ কোনো আলাদা পদবি বা শেষ নাম নয়, এটি তার যৌথভাবে প্রথম নাম। আর তার মূল পদবি হলো ‘নাসরাউই এবানা’।আজ স্পেনের মাটিতে নামছে পিএসজি, সতর্ক এনরিকে

ছেলের নাম ঠিকভাবে উচ্চারণ করার ও ভুল ভাঙানোর অনুরোধ জানিয়ে মুনির ভিডিওতে বলেন, ‘আমি আপনাদের পরিষ্কার করে কিছু বলতে চাই। লামিনের নামের শেষ অংশ হলো নাসরাউই এবানা।

শুধু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যাতে আর কোনো বিভ্রান্তি তৈরি না হয়। লামিনে ইয়ামাল আসলে তার প্রথম নাম।’ আবেগঘন কণ্ঠে তিনি আরও যোগ করেন, “তার পুরো নাম লামিনে ইয়ামাল। এ জন্যই আমি তাকে সব সময় বলি, ‘লামিনে ইয়ামাল, সুখে-দুঃখে তুমি সব সময় আমার ছেলে।’ আরেকটি কথা মনে রাখবেন, মাঠে লামিনে ইয়ামাল থাকা অবস্থায় আপনি কখনোই একা শীর্ষে থাকতে পারবেন না।
এর আগে স্বয়ং লামিনে ইয়ামাল নিজেও নিজের নাম নিয়ে কিছুটা আপত্তি বা কৌতূহল প্রকাশ করেছিলেন। ১৬ বছর বয়সে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার পুরো নাম লামিনে ইয়ামাল। তবে যদি আপনারা ছোট করে ডাকতে চান, তবে শুধু লামিনে বলতে পারেন।’

বাবার এই সংশোধনের পর বর্তমান বিশ্বফুটবলের এই বিস্ময়বালকের পূর্ণ নাম দাঁড়াচ্ছে—লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। স্প্যানিশ ও লাতিন সংস্কৃতি অনুযায়ী, তার নামের পদবির প্রথম অংশটি এসেছে বাবা মুনির নাসরাউইয়ের কাছ থেকে এবং দ্বিতীয় অংশটি এসেছে মা শেইলা এবানার কাছ থেকে। তবে এই নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াটা খুব অস্বাভাবিকও নয়। কারণ ধারাভাষ্যকার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরাও প্রায়শই ‘ইয়ামাল’কে তার পদবি কিংবা ‘লামিনে’কে তার নামের প্রথম অংশ ভেবে ভুল করে থাকেন।

তবে এই নামের পেছনের গল্পটি কেবল একটি ফুটবলারের পরিচিতি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের কঠিন সংগ্রাম ও পরম কৃতজ্ঞতার এক ইতিহাস। ছেলের জন্মের আগে চরম আর্থিক অনটন ও কষ্টের দিন পার করছিলেন মুনির নাসরাউই ও শেইলা এবানা দম্পতি। সেই দুর্দিনে তাদের দুই ঘনিষ্ঠ বন্ধু—লামিনে ও ইয়ামাল হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি তাদের দুঃসময়ে ঘর ভাড়া পরিশোধ করতেও সাহায্য করেছিলেন ওই দুই বন্ধুই।

বন্ধুদের সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা থেকেই এই দম্পতি প্রতিজ্ঞা করেছিলেন, ভবিষ্যতে তাদের কোনো পুত্রসন্তান হলে তারা ওই দুই বন্ধুর নামেই তার নামকরণ করবেন। অবশেষে ২০০৭ সালের ১৩ জুলাই তাদের কোল আলো করে প্রথম সন্তান জন্মের পর সেই প্রতিজ্ঞা বাস্তবায়ন করেন তারা।

মাঠে নিজেদের দুর্দান্ত পায়ের জাদুতে যিনি আজ গোটা বিশ্বকে আলোকিত করে চলেছেন, তার নামের ভেতর দিয়েই বেঁচে আছেন অতীতের কঠিন দিনে নিঃশর্ত পাশে দাঁড়ানো সেই দুই বন্ধু। ভক্তদের মনে থাকা নাম সংক্রান্ত সেই সংশয় দূর করে মুনির নাসরাউই যেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিলেন সেই কৃতজ্ঞতার কথাই।