এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে গ্রুপ ‘বি’র ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাথে গোল শূন্য ড্র করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে কোন দলই গোলের দেখা পায়নি।

 এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইউল্যাব ও স্কলার্স।বুধবার (২৮ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউল্যাব। তবে স্কলার্সের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ইউল্যাবের স্ট্রাইকাররা।

ম্যাচে বল দখল ও আক্রমনে ইউল্যাব এগিয়ে থাকলেও আচমকা কাউন্টার এ্যাটাকে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরিয়ে স্কলার্সও।

স্ট্রাইকারদের ফিনিশিংয়ের অভাবে গোল শূন্য থেকেই বিরতিতে যায় উভয় দল।দ্বিতীয়ার্ধে দুইদলের আক্রমন পাল্টা আক্রমনে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউল্যাব ও স্কলার্স।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) কাছে হার ও স্কলার্সের বিপক্ষে ড্রয়ে পরবর্তী পর্বে ওঠার সমীকরণ কিছুটা কঠিন হয়ে পড়ল ইউল্যাবের।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।