বুধবার সকাল বেলা। কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সিগাল হোটেল-সংলগ্ন এলাকায় দেখা গেল অদ্ভুত দৃশ্য।

সৈকতের বালিয়াড়ি জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ১২টি ‘দানব’। কোনো দানবের শরীরে জড়িয়ে আছে ব্যবহৃত ইলেকট্রনিক বর্জ্য, কোনোটিতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, আবার কোনোটিতে চিপসের প্যাকেটসহ নানা ধরনের প্লাস্টিকসামগ্রী। তবে এগুলো বাস্তব কোনো দানব নয়, মানুষের ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি সচেতনতামূলক প্রতীকী চরিত্র। প্লাস্টিক দূষণ সম্পর্কে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী এই র্যালির আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।
র্যালির পাশাপাশি আয়োজন করা হয় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমও।

সৈকতে ঘুরে বেড়ানো বর্জ্যের এই ১২ দানব যেন মানুষকে মনে করিয়ে দিচ্ছে, মানুষের ফেলে দেওয়া বর্জ্যই তাদের দানবে পরিণত করেছে। তাদের বার্তা প্লাস্টিক দূষণের ভয়াবহতা থেকে বাঁচতে হলে মানুষকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।সচেতনতামূলক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকত আমাদের দেশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। না বুঝেই আমরা এই সৈকতে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করছি। আজকের সচেতনতামূলক র্যালিতে থাকা ১২টি বর্জ্য দানবও এই সৈকত থেকে সংগ্রহ করা বর্জ্য দিয়ে তৈরি।’

তিনি আরো বলেন, ‘একবার ভেবে দেখুন, আমরা কী পরিমাণ বর্জ্য ফেলে এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছি।

কাজেই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সৈকত পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে সারা দেশ থেকে আসা লাখো পর্যটক এখানকার অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন।’বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, ‘প্রতিবছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে সমুদ্রের সৌন্দর্য দেখতে আসেন। কিন্তু অনেকেই অবচেতনভাবে কিংবা অসচেতনতার কারণে সমুদ্র ও পরিবেশের ব্যাপক ক্ষতি করছেন। পর্যটকদের ব্যবহৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যত্রতত্র ফেলার কারণে সমুদ্রদূষণ, পরিবেশদূষণ ও জীববৈচিত্র্েযর ক্ষতি হচ্ছে।’

তিনি বলেন, ‘এই দূষণ সম্পর্কে পর্যটকদের সচেতন করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে উপহার কিংবা বাজারের বিনিময়ে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করছে। পাশাপাশি পরিচালনা করছে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।’

জামাল উদ্দিন আরো বলেন, ‘এই ১২টি বর্জ্য দানবের মাধ্যমে আমরা পর্যটকদের দেখাতে চাই, তাঁরা যে বর্জ্যকে ফেলনা মনে করছেন, তা দিয়েই তৈরি হচ্ছে একেকটি দানব। এসব দানব ধীরে ধীরে বড় হবে এবং একসময় পুরো বিশ্বকে গ্রাস করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সেই ধ্বংসের হাত থেকে কেউই রক্ষা পাবেন না।’
আয়োজকদের মতে, সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের আচরণে পরিবর্তন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সচেতন অংশগ্রহণেই প্লাস্টিকদূষণ কমিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।