একজন ছুরি ঠেকাল, অপরজন রিকশাযাত্রীর পকেটে হাত ঢুকাল—ভিডিও ভাইরাল
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:১৮ pm
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাশের গলিতে দিনের আলোতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি গলিতে থাকা একটি ভবনের বাসিন্দা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় একটি রিকশায় বসায় ছিলেন এক যাত্রী। রিকশাটির গতি রোধ করে দুই যুবক দুটি ধারালো ছুটি ঠেকিয়ে প্রথমে রিকশাযাত্রীর বুক পকেট থেকে টাকা-পয়সা নিতে গেলে কিছু টাকা সড়কে পড়ে যায়। এরপর অপর পাশে থাকা ছিনতাইকারী রিকশা যাত্রীর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন নিতে চেষ্টা করে ব্যর্থ হয়। সেই ছিনতাইকারী দৌড়ে গিয়ে ব্যাটারিচালিত রিকশায় ওঠে।
তার গায়ে ছিল ছাই রঙের শার্ট।অপরপাশে থাকা সাদা হাফশার্ট পরা ছিনতাইকারী সড়ক থেকে কুড়িয়ে নেওয়া টাকা তুলে ছিনতাইয়ের শিকার ব্যক্তির পকেট কেটে মোবাইল ফোন বের করতে চেষ্টা করে। এরই মধ্যে আরো মানুষ এসে জড়ো হয়ে ধাওয়া দিলে ব্যাটারিচালিত রিকশায় ওঠে ছিনতাইকারীরা কোতোয়ালি থানার সামনে দিয়ে পালিয়ে যায়।
সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক কালের কণ্ঠকে বলেন, ঘটনার শিকার ব্যক্তির কোনো হদিস আমরা পাইনি।
তবে ছিনতাকারীরা শনাক্ত হয়েছে। আমরা খুব দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসব।