১৬ বছরের অপেক্ষা আর দীর্ঘ ২১ মাসের শান্তিপূর্ণ আন্দোলনের পর এবার নিজেদের ন্যায্য পাওনা আদায়ে সন্তানদের সাথে নিয়ে রাজপথে নেমেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রায় ৬০ জন শিশুসহ সাবেক কর্মী ও তাঁদের পরিবারের সদস্য মিলে মোট ১৭০ জন অংশগ্রহণ করেন। বর্ণিল পোশাবে সজ্জিত শিশুরা হাতে লেখা নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। রাজনৈতিক বা সংঘাতমুখী কোনো স্লোগানের পরিবর্তে শিশুদের প্ল্যাকার্ডে ফুটে ওঠে পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা, বাবামা-র সংগ্রাম, নিজেদের ভবিষ্যৎ ভাবনা ও শৈশবের অনিশ্চয়তার কথা।
আয়োজকরা জানান, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক গ্রামীণফোন কর্মীরা ৫% বিলম্ব বকেয়া নিষ্পত্তির দাবিতে ধারাবাহিকভাবে অবস্থান, মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। তবে দীর্ঘ ১৬ বছর ধরে এই পাওনা অনিষ্পন্ন থাকায় তার সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের সন্তানদের শিক্ষা, উচ্চসংগ্রামের প্রস্তুতি ও পারিবারিক ভবিষ্যতের ওপর। “বাবা-মায়ের পাওনা নিয়ে অপেক্ষা বছরের পর বছর চলতে পারে, কিন্তু একটি শিশুর শৈশব ও শিক্ষা থেমে থাকে না”—এই সত্যটি তুলে ধরতেই মূলত শিশুদের এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।
কর্মসূচি থেকে গ্রামীণফোন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বিলম্বজনিত পাওনার কার্যকর ও গ্রহণযোগ্য নিষ্পত্তির জোর দাবি জানানো হয়।
সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েব জানান, দীর্ঘ ২১ মাসের আন্দোলনের পর এবার পরিবার ও শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত একটি স্পষ্ট ও সুনির্দিষ্ট সমাধান প্রত্যাশা করছেন তাঁরা।