বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

স্বামীর মৃত্যু : প্যারোলে মুক্তির আবেদন করবেন সাবেক মন্ত্রী দীপু

আগস্ট ১৯, ২০২৬ ১:৩২ pm

স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়ার কথা বলেন তিনি।

বিডিনিউজ২৪ ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে একাধিক মামলায় গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন থেকে অসুস্থ তৌফিকের বয়স হয়েছিল ৭৬ বছর।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনির প্যারোলে ছাড়া পাওয়ার বিষয়টি জেলা প্রশাসকের আদেশের ওপর নির্ভর করছে।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদী সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে পরিবারের সদস্য টিপু জানিয়েছেন।

তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে ৭ দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

অপরদিকে দীপু মনি হাই কোর্টে বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও আরো অনেক মামলায় তার নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জ মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।

তার স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি। তিনি বলেন, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফিক নেওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।