বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মালয়েশিয়ায় ভিসা সহজীকরণ, ফ্লাইট বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ১৯, ২০২৬ ১:১১ pm

পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা ও সাফল্যের মডেল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও ভিসার আগে যাচাই ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়টিও উঠে আসে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ গুরুত্ব দেয়।

এ ছাড়া পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, পর্যটন মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমি, দেশটির পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।