ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩
জুন ৮, ২০২৬ ১০:৪৩ am
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ৭.৮ মাত্রার এক ভূমিকম্প। সোমবারের (৮ জুন) এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত এবং ৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শক্তিশালী এই কম্পনের ফলে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক হিসেবে অন্তত ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক প্রতিষ্ঠান। ধসে পড়া ভবনের নিচে আরো কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, মূল ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে স্থানীয় সময় সকাল ১১টা (জিএমটি ০৩:০০) পর্যন্ত ওই অঞ্চলে ১৩৮টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এই আফটারশকগুলোর মাত্রা ছিল ১.৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬.৭ পর্যন্ত, যা উদ্ধারকাজকে ব্যাহত করছে। ফিলিপাইন প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।