রিয়েলিটি শো-র সেটে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণের
মে ২১, ২০২৬ ১২:৩৫ pm
টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে ভক্তরা যে মুহূর্তটির অপেক্ষা করছিলেন, তা বাস্তব রূপ নিয়েছে নেটফ্লিক্সের সদ্য মুক্তিপ্রাপ্ত রিয়েলিটি সিরিজ ‘দেশি ব্লিং’-এ।
শো-টির একটি পর্বে তেজস্বীকে এক জমকালো সারপ্রাইজ দিয়ে বিয়ের প্রস্তাব দেন করণ।২০ মে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়া ‘দেশি ব্লিং’ (জনপ্রিয় শো ‘দুবাই ব্লিং’-এর ভারতীয় সংস্করণ) সিরিজের সেটে করণ এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করেন । শো-এর বাকি তারকা ও কলাকুশলীদের সহযোগিতায় অনুষ্ঠানস্থলটি দারুণভাবে সাজানো হয়েছিল। তেজস্বী সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পান, পানির ওপর বড় বড় আলোকিত অক্ষরে লেখা— “তুমি কি আমাকে বিয়ে করবে?।
এরপরই কারাণ এক হাঁটু গেড়ে বসে পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন।করণের এমন আকস্মিক প্রস্তাবে পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়েন তেজস্বী। আনন্দের অশ্রু ধরে রাখতে না পেরে তিনি তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা মনে করেন। তেজস্বী বলেন, ‘বিগ বস’ থেকে বের হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাদের এই প্রেম দুই সপ্তাহও টিকবে না।
কেউ কেউ তাদের সম্পর্ককে সাজানো বা ‘ভুয়া’ বলেও কটাক্ষ করেছিলেন। কিন্তু সব সমালোচনা পেরিয়ে তারা আজ চার বছর একসঙ্গে পার করেছেন। অন্যদিকে করণও স্বীকার করেন যে, তেজস্বীর জীবনে আসার পর ভালোবাসা ও সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।বর্তমানে এই জুটি একসঙ্গে একটি জনপ্রিয় রান্নার কমেডি শো ‘লাফটার শেফস’-এ অংশ নিচ্ছেন। তাদের এই বাগদানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।