শনিবার, মে ৩০, ২০২৬

বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার

মে ২১, ২০২৬ ১২:৩৩ pm

আর মাত্র কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ ঘিরে ফুটবলভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে।

দল বেড়েছে, ম্যাচও বেড়েছে—আর সেই সঙ্গে বেড়েছে তারকাদের আলোচনাও।বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে নজর থাকবে কয়েকজন সুপারস্টারের দিকে, যারা নিজেদের দেশকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০২২ বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করেছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তাকে দলে পাওয়ার আশা করছে আর্জেন্টিনা।

৩৯ বছরে পা দিলেও মেসির জাদু যেন কমেনি। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)

৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি রোনালদোর। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

অভিজ্ঞতা, নেতৃত্ব আর গোল করার ক্ষমতায় এখনো পর্তুগালের সবচেয়ে বড় তারকা তিনি।নেইমার (ব্রাজিল)

দীর্ঘ চোট কাটিয়ে আবারও বিশ্বকাপে ফিরছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফিট থাকলে ম্যাচের ভাগ্য একাই বদলে দিতে পারেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন এই ফরোয়ার্ড।২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে, ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক।

হ্যারি কেইন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে করেছেন ৭৮ গোল।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ গোল করে দলকে বুন্দেসলিগা জিতিয়েছেন তিনি। এবার তার লক্ষ্য ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

ব্রাজিল দলে তারকার অভাব নেই। তবে সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়ুস। গতি, ড্রিবলিং আর সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণকে তছনছ করে দিতে পারেন এই উইঙ্গার।

রাফিনিয়া ও ম্যাথিউস কুনহাদের নিয়ে এবার অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লামিনে ইয়ামাল (স্পেন)

মাত্র ১৬ বছর বয়সেই ইউরো জয়ের নায়ক হয়ে আলোচনায় আসেন ইয়ামাল। এরপর বার্সেলেনার হয়েও বড় ম্যাচে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

এবার বিশ্বকাপেও স্পেনের বড় অস্ত্র হতে পারেন এই তরুণ তারকা।