আজ বুধবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মরা।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরিষ্কার করে বলতে চায়, মিথ্যাচার করবেন না, তা না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। বিএনপি জুলাইয়ের প্রতিটি শর্ত পালন করছে। বিএনপি তখনই বলেছিল, যে বিষয়গুলো সম্ভব নয় আমরা তখন সেগুলো নোট অব ডিসেন্ট দিয়েছিলাম।
তিনি আরো বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তার মানে এই নয় তারা দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বাইরে গিয়ে কথা বলবেন আর বিএনপি তা মেনে নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দেশে নতুন দিগন্তের সূচনা করেছেন। বাংলাদেশের রাজনীতি হলো মানুষের জন্য ও জাতীয়তাবাদের রাজনীতি। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি একটি উদার পন্থী দল, তাই হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় বিএনপি। আমরা রেইনবো স্টেটের মতো দেশকে গড়ে তুলতে চাই, যেখানে সব ফুল ফুটবে, বিকশিত হবে, যেখানে সাম্প্রদায়িকতা ও বিভাজন ভুলে সবাই একসঙ্গে মিলেমিশে থাকব।’
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, নির্বাচনের আগে ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন এবং বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কথা বলেছিলেন। আজ আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং তার দেওয়া প্রতিশ্রতি বাস্তবায়ন করতে এসেছি। আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে এই সরকার। এলাকার মানুষের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। গত ১৬ বছর আমরা অনেক নির্যাতিত হযেছি, অনেকেই আসামি হয়েছি, জেলে গিয়েছি। আমরা অত্যাচার আর জুলুমের কারণে নিজের বাড়ি ঘরে ঘুমাতে পারিনি। তাই আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দলের সুনাম নষ্ট হয়, আমরা সবাই মিলে এই দেশের উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করব। একই কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।