বুধবার, আগস্ট ২৬, ২০২৬

শিরোপা উৎসবে হামলার শিকার প্রতিপক্ষ ফুটবলাররা

মে ১৭, ২০২৬ ১২:০৯ pm

শিরোপা জয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিশৃঙ্খলায়। স্কটল্যান্ডে সেল্টিকের শিরোপা উদ্‌যাপনের সময় হামলার শিকার হয়েছেন প্রতিপক্ষ হার্টসের ফুটবলাররা।

শনিবার হার্টসকে ৩-১ গোলে হারিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা নিশ্চিত করে সেলটিক। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল হার্টস। অধিনায়ক লরেন্স শ্যাঙ্কল্যান্ড গোল করে দলকে লিড এনে দেন।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেলটিক।

আর্নে এঙ্গেলস সমতা ফেরানোর পর শেষ দিকে গোল করেন দাইজেন মায়েদা ও ক্যালাম অসমন্ড। তাতেই শিরোপা নিশ্চিত হয় সেলটিকের।কিন্তু শেষ বাঁশি বাজার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উচ্ছ্বসিত সমর্থকেরা মাঠে নেমে পড়েন।

বিশৃঙ্খলার মধ্যে হামলার শিকার হন হার্টসের কয়েকজন ফুটবলার।সবচেয়ে বেশি আলোচনায় আসে শ্যাঙ্কল্যান্ডকে ঘিরে ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের আক্রমণের মুখে আত্মরক্ষার চেষ্টা করছেন তিনি। এক পর্যায়ে তাকেও ঘুষি মারতে দেখা যায়। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে সরিয়ে নেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হার্টস। ক্লাবটি এক বিবৃতিতে ঘটনাকে ‘স্কটিশ ফুটবলের জন্য লজ্জাজনক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতার কথাও জানিয়েছে তারা।

এই ঘটনার কারণে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও পালন করতে পারেননি হার্টসের খেলোয়াড় ও কর্মকর্তারা। নিরাপত্তার স্বার্থে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন তারা।