শনিবার, মে ৩০, ২০২৬

সাড়ে চার মাস পর চালু হচ্ছে রৌমারী-চিলমারী রুটে ফেরি চলাচল

মে ১৩, ২০২৬ ১২:০৮ pm

নাব্য সংকটে চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, ১৪ মে (বৃহস্পতিবার) রৌমারী থেকে ফেরি ‘কদম’ চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে এবং পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরি ট্রাফিকে যুক্ত হবে।

জানা গেছে, কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যে নাব্য সংকটের অজুহাতে অসংখ্যবার ফেরি চলাচল বন্ধ হয়।

গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্যতা সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি।এবার ড্রেজিং করার কারণে প্রায় ৬-৭ কিলোমিটার দূরত্ব কমে আসবে। সেই সঙ্গে আসন্ন ঈদকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে বলেও সূত্রটি জানিয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, ইতোমধ্যে ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হয়েছে।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল শুরু হবে।