মে ১১, ২০২৬ ১১:১৪ am
আমদানি পণ্যের ব্যয় পরিশোধের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে নেমেছে।
রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ এ তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, বৃহস্পতিবার এক দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে আকুকে।
এতে আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ওই অবস্থানে নামার তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দেনা পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে সেটির ব্যয় দুই মাস পর পর সমন্বয় করে থাকে। সদস্য দেশগুলো হল- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ।
রিজার্ভ সঙ্কটে পড়ে ২০২২ সালের অক্টোবরে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে উন্নতি হলেও এখনও আকুতে ফেরেনি দেশটি।