পাল্টাপাল্টি হামলার অভিযোগ, সংকটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি
মে ১১, ২০২৬ ১০:৫৮ am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে দীর্ঘ চার বছরের যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টাগুলো এখন অনিশ্চয়তার মুখে।
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার ড্রোন হামলায় তাদের ৩ জন নাগরিক নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা কমলেও ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা আক্রমণ থামায়নি।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে এবং হামলার ‘যথাযথ জবাব’ দিচ্ছে।লড়াই চললেও এই বিরতির একটি বড় অংশ ছিল বন্দিবিনিময়। প্রেসিডেন্ট জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে প্রায় ১,০০০ যুদ্ধবন্দির বিনিময়ের বিষয়টি নিশ্চিত করবে। তবে রণাঙ্গনে ২১০টিরও বেশি সংঘর্ষের ঘটনায় এই প্রক্রিয়া কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পূর্ব ইউক্রেনের দখল এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে বিরোধ কাটছেই না। রাশিয়ার দাবি, শান্তি আলোচনা শুরুর আগেই ইউক্রেনকে নির্দিষ্ট কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। ক্রেমলিন বলছে, শান্তি এখনো ‘অনেক দূরে’, যদিও পুতিন ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষের দিকে।
সংকট কাটাতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই মস্কো সফর করতে পারেন।
এর আগে ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরভের সঙ্গেও তারা মায়ামিতে দেখা করেছেন। তবে জার্মানি রাশিয়ার একটি শান্তি প্রস্তাব নাকচ করে দেওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে।